
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো হাসপাতালের বিছানায় শুয়েই ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর ছেলে ফ্লাভিও বলসোনারোর প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। হার্নিয়া অপারেশনের পর দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচার সফল হয়েছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরায়েসের বিশেষ অনুমতিতে কারাগার থেকে বের হয়ে এই চিকিৎসা গ্রহণ করেন বলসোনারো। ২০২২ সালে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে দণ্ডিত হয়ে কারাবন্দী থাকায় হাসপাতালের কেবিনে তাঁর জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা জারি রয়েছে এবং কম্পিউটার ও মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে ৪৪ বছর বয়সী সিনেটর ফ্লাভিও বলসোনারো জানিয়েছেন, তিনি বাবার রক্ষণশীল রাজনৈতিক উত্তরাধিকারকে আরও সুসংহত করতে চান এবং আগামী ৪ অক্টোবরের নির্বাচনে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়েই নির্বাচনী মাঠে নামছেন।